নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর:
ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন একটি কাঁচা সড়কের পাশের ঝোপ থেকে এসব লাশের অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স আনুমানিক ৫০ বছর। লাশটি ছয়টি অংশে খণ্ডিত ছিল। দুই হাতের আঙুলও কেটে ফেলা হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ঢাকা–খুলনা মহাসড়কসংলগ্ন কাঁচা সড়কের পাশের ঝোপে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। কার্টনগুলোর মুখ বাঁধা ছিল। সেগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল।
বিষয়টি জানিয়ে পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে মধুখালী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তারা কার্টন তিনটি উদ্ধার করে খুললে বস্তাবন্দী অবস্থায় খণ্ডিত লাশ দেখতে পায়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও ক্রাইমসিন ইউনিট। তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে।
লাশের খণ্ডিত অংশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মধুখালী থানার পরিদর্শক (তদন্ত) মারুফ হাসান। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।
